সংবাদ (২৩ নভেম্বর ২০২৫):
গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী পশ্চিম থানা ৫৩ নং ওয়ার্ডের কাঠালদিয়া এলাকায় আজ ২৩ নভেম্বর ২০২৫ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার (পাপ্পু)।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন,
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই কয়েকটি ঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডে বসতবাড়ি, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

