ঢাকা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সোমবার জাতীয় সংসদে জানান, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী বলেন, “গত বছর এই সময় যে পরিমাণ জ্বালানির তেল সরবরাহ হয়েছিল, এ বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। আমরা জনগণের স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, “বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষত মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে। তবে প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছি।”
মন্ত্রী জানান, সরকার দায়িত্বভার গ্রহণের সময় ১৭ ফেব্রুয়ারি দেশের ডিজেল মজুত ছিল ২ লাখ ৬ হাজার টন, কিন্তু আজ মজুত দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টন। এই সময়ে ৪১ দিনে ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রি হলেও মজুতের বৃদ্ধি প্রমাণ করছে, সরকারের ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।

