Skip to content

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক নবজাতকের জন্মকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির দুই হাত ও দুই পা মিলিয়ে রয়েছে ৩০টি আঙুল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ড্রিম অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতাল-এ শিশুটির জন্ম হয়। জন্মের খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন স্বজন ও উৎসুক এলাকাবাসী।
শিশুটির বাবা ইসমাইল পালোহন, উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। পরিবারের অন্যান্য সন্তান স্বাভাবিক হলেও নবজাতকের এমন শারীরিক বৈশিষ্ট্য দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।
শিশুটির মা জেসমিন আক্তার বলেন, অর্থকষ্টের মধ্যেই ধার-দেনা করে সিজারিয়ান অপারেশন করাতে হয়েছে। এখন সন্তানের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছেন।
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. মো. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত আঙুল নিয়ে জন্ম নেওয়ার অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পলিড্যাকটিলিজম (Polydactyly) বলা হয়। তবে শিশুটির জিহ্বা না থাকা একটি অত্যন্ত বিরল জন্মগত ত্রুটি। এ বিষয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।