ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং অবস্থায় থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মহাসড়কের আরিচামুখী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১০টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় ১০টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুন দেওয়ার সন্দেহ করা হচ্ছে।
এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত বাসটির চালক বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

