সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ হামলায় ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এ মর্মান্তিক ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, “সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”
তিনি আরও বলেন, “জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”
নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়ে আসছে।

