
ঢাকা: দীর্ঘদিনের অপেক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ১৯ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি অনুযায়ী তৃতীয় টার্মিনালের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে জাপানের চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম দায়িত্ব পালন করবে। এতে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন।
জানা গেছে, রাজস্ব বণ্টন এবং পরিচালনা কাঠামো নিয়ে দীর্ঘদিনের আলোচনার পর দুই পক্ষ সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। আলোচনায় জাপানি কনসোর্টিয়াম ৭৩ শতাংশ এবং বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাওয়ার প্রস্তাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সরকারের লক্ষ্য, চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু করা। টার্মিনালটি চালু হলে যাত্রীসেবা, কার্গো ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।