Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

মুছাব্বির হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

Posted on January 8, 2026January 10, 2026 by দেশ-দর্পণ

ডেস্ক রিপোর্ট | দেশ দর্পণ
স্বেচ্ছাসেবক দলের নেতা ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুছাব্বিরের জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসীন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন এই হুঁশিয়ারি দেন।
এ সময় ফখরুল ইসলাম রবিন বলেন, “মুছাব্বিরের হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এই দাবিতে শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
উল্লেখ্য, বুধবার রাত আনুমানিক ৮টার কিছু পর কাজী নজরুল ইসলাম এভিনিউতে হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মুছাব্বিরকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে বাদ জোহর মুছাব্বিরের কফিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, এসএম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার আগে বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যারাই হোক, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সরকার নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তা স্বাগত জানিয়েছি। কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তারে গড়িমসি হলে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে।”
তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার যে লড়াই চলছে, কোনো হত্যাকাণ্ড বা রক্তপাত সেই লড়াইকে থামাতে পারবে না।”
স্বেচ্ছাসেবক দল বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু বলেন, “মুছাব্বির ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক। ফ্যাসিস্ট শাসনামলে বহুবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি একবার গুমও হয়েছিলেন। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল হক বলেন, “একটি মহল নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। মুছাব্বিরের হত্যাও সেই চক্রান্তের অংশ।”
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, “মুছাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
আজিজুর রহমান মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাবরণ করেন।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, নিহতের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, মুছাব্বির বেশ কিছুদিন ধরে জীবননাশের হুমকি পাচ্ছিলেন। তবে কারা বা কেন এই হুমকি দিচ্ছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme