Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Posted on January 19, 2026January 19, 2026 by দেশ-দর্পণ

ডেস্ক রিপোর্ট | দেশ দর্পণ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার দিক থেকে দেশের মোট ভোটকেন্দ্রের ৫৯ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিরাপত্তা বিবেচনায় এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে

অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র: ৮ হাজার ৭৮০টি

গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র: ১৬ হাজার ৫৪৮টি

সাধারণ ভোটকেন্দ্র: ১৭ হাজার ৪৩৩টি

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ’ ভোটকেন্দ্র বলতে নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বোঝানো হচ্ছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব কেন্দ্রে পুলিশ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে—

বাংলাদেশ সেনাবাহিনী: ১ লাখ

নৌবাহিনী: ৫ হাজার

বিমান বাহিনী: ৩ হাজার ৭৩০

পুলিশ: ১ লাখ ৪৯ হাজার ৪৪৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী: ৫ লাখ ৭৬ হাজার ৩১৪

বিজিবি: ৩৭ হাজার ৪৫৩

কোস্ট গার্ড: ৩ হাজার ৫৮৫

র‍্যাব: ৭ হাজার ৭০০

ফায়ার সার্ভিস (সাপোর্ট সার্ভিস): ১৩ হাজার ৩৯০ জন

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন ভোটকেন্দ্রিক দায়িত্ব পালন করবেন।

দুর্গম এলাকায় নির্বাচনী সামগ্রী পরিবহনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করার যেকোনো অপতৎপরতা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে।

এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’—এমন আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রস্তুত এই অ্যাপের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম সংযুক্ত থাকবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার সম্ভব হবে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme