সিলেট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে এই পদে বসানো হবে।”
তিনি জানান, বরাবরের মতো এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়ায় বিভিন্ন আশঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা বোধ করে না। শুরু থেকেই আমরা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে আসছি।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে এসেছে এবং আগামী নির্বাচন সেই অধিকার পুনরুদ্ধারের একটি বড় সুযোগ।
দলীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত হন।
অন্যদিকে, বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ও বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছিল বিএনপির দখলে। এ সময়ের মধ্যে চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।
উল্লেখ্য, এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে প্রথম ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সে সময় কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। বিদেশে অবস্থান করায় তিনি তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দেশে ফেরেননি এবং ভোটার হিসেবেও নিবন্ধিত হননি। তবে গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

