Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াললিখন, শিবিরকে হুঁশিয়ারি

Posted on April 22, 2026April 22, 2026 by Deshdarponbd
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে এ কর্মসূচি শুরু হয়।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা লাল ও কালো রং ব্যবহার করে দেয়ালে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ স্লোগান লিখেন।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, একাত্তরের রাজাকার বাহিনীর সঙ্গে সম্পৃক্তরা জুলাই-পরবর্তী সময়ে নিজেদের ইসলামিক সংগঠন হিসেবে উপস্থাপন করছে। তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, দেয়াললিখনের মাধ্যমে তাদের প্রকাশ্য ও সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানানো হচ্ছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাবিতে ছাত্রশিবির কোনো ধরনের গুপ্ত রাজনীতি চালানোর চেষ্টা করলে তা সাংগঠনিক ও আইনগতভাবে প্রতিরোধ করা হবে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গোপন রাজনৈতিক কার্যক্রম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জামায়াত-শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধে প্রয়োজনে সরকারের বিশেষ হস্তক্ষেপ কামনা করা হবে।
এ সময় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ছাত্রদল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সব মতের প্রতি শ্রদ্ধাশীল। তবে গোপন পরিচয়ে ভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণ এবং একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা নৈতিকতার পরিপন্থী। তিনি স্বচ্ছ ও সত্যনিষ্ঠ রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
ছাত্রদল জানিয়েছে, ক্যাম্পাসের চার থেকে পাঁচটি স্থানে এ ধরনের দেয়াললিখন কর্মসূচি চালানো হবে এবং পর্যায়ক্রমে তা আরও বিস্তৃত করা হবে।
এর আগে মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme