বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে দলের মনোনীত বিকল্প প্রার্থীরাই ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, “আইনে এমন কোনো সুযোগ নেই। মনোনয়ন বাছাই ও প্রতীক বরাদ্দের পর যদি এমন ঘটনা ঘটত, তখন আইনি জটিলতার প্রশ্ন আসতে পারত।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট তিনটি আসনে আগে থেকেই দেওয়া বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে। ফলে তারাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার শারীরিক অসুস্থতার কারণে আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।
বিকল্প প্রার্থীদের মধ্যে ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির মনোনয়ন পেয়েছেন। এসব আসনে তারাই বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

