গাজীপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর আদমজী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার।
মিছিল শুরুর আগে আদমজী মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর–২ আসনে জনগণের প্রত্যাশা এবং তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিকে দুর্বল করবে।
বক্তারা বলেন, “জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা সেদিকে—মনোনয়নও সেদিকেই যেতে হবে।” তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।
সমাবেশে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয়, পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। গাজীপুর–২ আসন বিএনপির জন্য একটি কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে বক্তারা বলেন, এই আসনে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট।
এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের পুত্র সরকার শাহনূর ইসলাম রনি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

