তোপখানা সড়কে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিকাণ্ড, পরিকল্পিত হামলার অভিযোগ

রাজধানীর তোপখানা সড়কে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচতলা একটি ভবনের দোতলায় অবস্থিত এ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

এর আগে মধ্যরাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে এবং ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার একদিন পরই উদীচী কার্যালয়ে আগুন লাগার ঘটনা সামনে এলো।

উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে প্রথম আলোকে জানান, রাত পৌনে আটটার দিকে প্রথমে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এরপর সেখানে আগুন দেওয়া হয়। তিনি এ ঘটনাকে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে হামলায় গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করেই রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে একের পর এক হামলার ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।