
বেইজিং প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং এ খাতে চীনের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বন্যার ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে নদী খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।
এ সময় প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং নৌ-নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থার জন্য কার্যকর পানিসম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে এ খাতে কার্যকর সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।
চীনের মন্ত্রী আরও বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশ প্রয়োজনে কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।
বৈঠকে উভয় পক্ষ পানিসম্পদ ব্যবস্থাপনায় গবেষণা, প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠকের মাধ্যমে তিস্তা প্রকল্পসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ পানিসম্পদ উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।