Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

তারেক রহমানের চেয়ারম্যান হওয়া নিশ্চিত হলেও আনুষ্ঠানিক ঘোষণায় দেরি, বিএনপিতে আলোচনা

Posted on January 3, 2026 by দেশ-দর্পণ

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে গেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হলেও এখনো তাঁকে চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত করার বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে কবে, কখন এবং কী প্রক্রিয়ায় তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন—সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিএনপির জন্য অনিবার্য হয়ে উঠেছে বলে মনে করছেন দলটির দায়িত্বশীল নেতারা।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর পর দলের ভেতরে বর্তমানে সবচেয়ে সংবেদনশীল ও তাৎক্ষণিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট ও ডিজিটাল পোস্টারে কার ছবি ব্যবহার করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে হবে বিএনপি নেতৃত্বকে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই বিএনপির অনেক প্রার্থী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও প্রচারপত্র তৈরি করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল পোস্টার ও ব্যানার প্রচার শুরু করেছেন, যেখানে দলীয় চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার ছবি ব্যবহৃত হয়েছে। কিন্তু তাঁর মৃত্যুর পর এই বাস্তবতা নতুন করে জটিলতা তৈরি করেছে।
এ প্রসঙ্গে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫–এর বিধি ৭(চ)-এ স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী শুধু তার বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে ব্যবহার করতে পারবেন। ছবিটি অবশ্যই পোর্ট্রেট আকারে হতে হবে এবং কোনো অনুষ্ঠান বা জনসভায় নেতৃত্বদান, প্রার্থনারত বা বিশেষ ভঙ্গিমায় ছাপানো যাবে না।
বিএনপির গঠনতন্ত্র অনুসারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দলের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত নেতা হলেও তাঁকে চেয়ারম্যান হিসেবে ঘোষণার বিষয়টি এখনো আনুষ্ঠানিক হয়নি। পাশাপাশি দলীয়ভাবে তাঁর নাম বা পদ ব্যবহার করেও এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এ অবস্থায় বিএনপির প্রার্থীরা প্রচারণায় কার ছবি ব্যবহার করবেন—তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, এই অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে নির্বাচনী প্রচারে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে। তাই নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে এবং দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে খুব শিগগিরই এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme