গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে টঙ্গীর অন্যতম মাদক স্পট হাজীর মাজার বস্তি থেকে মাদক সংশ্লিষ্ট সন্দেহে ৭৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে ভোররাত পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকাটি মাদকের একটি বড় কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারণে নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।