৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সারাদেশ
  2. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকের দুই লকার ভেঙে শেখ হাসিনার নামে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

দেশ-দর্পণ
নভেম্বর ২৬, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

দেশ-দর্পণ প্রতিবেদক

রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়। এতে মোট ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র জানায়, লকার নম্বর ৭৫১ ও ৭৫৩—দুটি লকারই শেখ হাসিনার নামে ছিল। লকার ভাঙার সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির কর্মকর্তারা এবং অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, স্বর্ণ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ নথিপত্র বা মূল্যবান সামগ্রী থাকতে পারে। এ বিষয়ে দুদক বুধবার বিস্তারিত জানাতে পারে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর লকার দুটি জব্দ করে সিআইসি। তদন্তের অংশ হিসেবে পূবালী ব্যাংকের মতিঝিলের সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার আরেকটি লকার—নম্বর ১২৮—জব্দ করা হয়। সেই শাখায় তাঁর দুটি হিসাবেও ৫৬ লাখ টাকা পাওয়া যায়। যার মধ্যে ১২ লাখ টাকা এফডিআর, বাকি ৪৪ লাখ টাকা সঞ্চয়ী হিসাবে ছিল। এগুলোও এনবিআরের নির্দেশে জব্দ করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, “লকার ভাঙার বিষয়টি অবহিত আছি। তবে ভেতরে কী পাওয়া গেছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানি না।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে যান। এর পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য ও তাঁর সময়ে সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতি তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে ১০ ব্যবসায়ী গ্রুপসহ সংশ্লিষ্টদের অনিয়ম খতিয়ে দেখতে ১১টি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।