উৎসব, উচ্ছ্বাস আর ফুটবলপ্রেমীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়াম। হাজারো দর্শকের উপস্থিতি ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২০ জুন) পর্দা উঠেছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর।
স্টেডিয়ামের গ্যালারিজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বাঁশি, ঢোল, করতালি ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবের পরিবেশ।
উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে বিকেএসপির তরুণ ফুটবলাররা। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও সুশৃঙ্খল দলীয় খেলায় তারা নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে বিজয়ী দলগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে অংশ নেবে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল জানান, প্রতিযোগিতার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২ লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। এছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শহীদ বরকত স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে শোভা পেয়েছে রঙিন ব্যানার, ফেস্টুন ও দৃষ্টিনন্দন তোরণ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকসজ্জায় আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও ক্রীড়ামুখী সমাজ গঠনই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকরা জেলার ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ-তরুণী ও অভিভাবকদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট গাজীপুরের ফুটবলের বিকাশ, নতুন প্রতিভা অন্বেষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে অনুকরণীয় ভূমিকা রাখবে।

