
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ০৩:৪৬
আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ০৩:৪৭
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ঘোষণার ক্ষেত্রে দলীয় নেতাকর্মী ও তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তাদের অভিযোগ, জনপ্রিয়তার মূল্যায়ন না করেই কেন্দ্রীয় নেতৃত্ব কিছুদিন আগে চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগে বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুকে পুনরায় মনোনয়ন দিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তৃণমূল নেতাকর্মীরা শুক্রবার রাতে মশাল মিছিল করেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘চাঁদাবাজের মনোনয়ন মানি না, মানবো না’—এমন স্লোগান দেন এবং দাবি জানান ভালুকার জনপ্রিয় নেতা ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার।
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু বলেন, “শুনেছি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলটি করা হয়েছে।”