Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপির মনোনয়নপত্র বিক্রি শুরু, ১ হাজার ১১টি বিক্রি

Posted on November 15, 2025 by দেশ-দর্পণ

১৪ নভেম্বর ২০২৫ (দেশ-দর্পণ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার পর মাত্র আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র বিতরণের পূর্বঘোষিত সময় শেষ হলেও তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। এখন ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, “আমরা জনগণের জনপ্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য দলীয় মনোনয়নপত্র ছেড়েছিলাম। ইতিমধ্যে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, শিক্ষক—সব জায়গা থেকে আমরা আবেদন পাচ্ছি। জনগণের উদ্দীপনা ও আগ্রহ দেখে আমরা এই সময়সীমা আরও বাড়িয়েছি।”

মনোনয়নপত্র সংগ্রহের জন্য বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা নির্ধারিত হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদেরও আহ্বান জানান, যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তারা এনসিপির মনোনয়নপত্র কিনুন। তিনি বলেন, “কারণ, আপনাদের যে মজুরি, এটা বাংলাদেশে এখনো ঠিক হয়নি। সংসদে গিয়ে আপনাদের মজুরি, মালিকদের নিপীড়ন ও অন্যায় নিয়ে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলবেন।”

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, “ইনশা আল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই, আমরা দক্ষ ও যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। আমরা কোনো গডফাদার, চাঁদাবাজ বা সন্ত্রাসীদের পাঠাতে চাই না। আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই।”

প্রতি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৬ নভেম্বর সন্ধ্যায় এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়া উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme