
আল জাজিরার ‘জুলাই ৩৬’ শীর্ষক অনুসন্ধানমূলক ডকুমেন্টারিতে বাংলাদেশের আন্দোলনের সময়কার রাজপথের একটি দৃশ্য উঠে এসেছে। ডকুমেন্টারির সংশ্লিষ্ট অংশে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিতে দেখা যায়।
ডকুমেন্টারিতে দেখা যায়, আন্দোলনের সময় পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে রাজপথে অবস্থান করছেন। ব্যানারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’সহ বিভিন্ন দাবি লেখা ছিল।
পাপ্পুর ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, বিএনপির দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার সময় তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। মামলা, হামলা, গ্রেপ্তার ও হয়রানির মধ্যেও তিনি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন বলে দাবি করেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছেন পাপ্পু। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পাপ্পু ও তার পরিবারের ওপর বিভিন্ন সময় চাপ ও হয়রানি এসেছে বলেও তার অনুসারীরা দাবি করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলনে কোনো নেতার মাঠপর্যায়ের ভূমিকা মূল্যায়নের ক্ষেত্রে দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকা গুরুত্বপূর্ণ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডকুমেন্টারির ওই দৃশ্য নিয়ে পাপ্পুর অনুসারীদের মধ্যে আলোচনা চলছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার সময়ে যারা মাঠে ছিলেন, তাদের ভূমিকা ভবিষ্যতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
পাপ্পুর অনুসারীরা জানিয়েছেন, ডকুমেন্টারিতে তার নেতৃত্বে মিছিলের দৃশ্যটি প্রায় ২ মিনিট ২৪ সেকেন্ডের দিকে দেখা যায়।
তাদের ভাষ্য, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও আন্দোলন-সংগ্রামের সময়কার ভূমিকা ও ত্যাগের ইতিহাস সহজে মুছে যায় না।