Skip to content

Deshdarponbd | দেশ-দর্পণ বিডি

Menu
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলা
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সারাদেশ
  • আইন-আদালত
  • আমাদের সম্পর্কে
Menu

ঐতিহ্যের টানে তারুণ্য: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

Posted on February 18, 2026February 18, 2026 by দেশ-দর্পণ

বসন্তের আমেজে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “পিঠা উৎসব ১৪৩২”

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি | দেশ-দর্পণ প্রতিবেদন:

বসন্তের ফুরফুরে বাতাসে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছিল রাজধানীর অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান North South University। বাংলার ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের North South University Social Services Club আয়োজন করে বর্ণিল “পিঠা উৎসব ১৪৩২”।

গত ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে সুষ্ঠু ও সুসংগঠিতভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্টল স্থাপন করে দেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করেন। ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, দুধপুলি সহ গ্রামীণ বাংলার নানা স্বাদের পিঠায় মুখর ছিল পুরো আয়োজন।

মাঠজুড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ সজ্জা, আলপনা ও দেশীয় উপকরণে তৈরি সাজসজ্জা দর্শনার্থীদের নজর কাড়ে। বসন্তের রঙিন আবহে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ আল কায়সার, সম্মানিত চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম বলেন,
“পিঠা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তরুণ প্রজন্মের কাছে আমাদের শেকড় ও ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন।”

ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজার মেজবাহ উল হাসান চৌধুরী বলেন,
“সমাজসেবার পাশাপাশি জাতির ঐতিহ্য রক্ষাও আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যেই প্রতিবছর আমরা এমন আয়োজন করে থাকি।”

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের উদ্যম, সৃজনশীলতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এবারের পিঠা উৎসব হয়ে ওঠে স্মরণীয় ও সফল এক আয়োজন।

©2026 Deshdarponbd | দেশ-দর্পণ বিডি | Design: Newspaperly WordPress Theme