৮০০
ঢাকাশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. শিক্ষা
  3. সারাদেশ
  4. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

ধর্মের ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয়: ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশ-দর্পণ
জানুয়ারি ৮, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আমরা যারা বিএনপি করি, তারা ধর্মের ব্যবসা করি না। ইসলামে কোথাও লেখা নেই—ধর্ম ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে।” তিনি বলেন, রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন, সেই প্রদর্শিত পথ ধরেই বিএনপি রাজনীতি করে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে নিজ বাসভবনে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করা হয় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জ আগমন উপলক্ষে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—মদিনার সনদের আলোকে দেশ পরিচালনা করা হবে। ধর্মের সঙ্গে কোনো বিভেদ সৃষ্টি হয়, এমন কোনো কাজ বিএনপি করবে না।”
তিনি আরও বলেন, “মওদুদীবাদ ও মদিনার ইসলাম এক নয়। যারা ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”
টুকু বলেন, “তৌহিদী জনতা নামে একটি গোষ্ঠী একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে—এটা কি ইসলাম? এসব কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে এবং বিশ্ব দরবারে ইসলামকে ছোট করা হচ্ছে। এদের বিরুদ্ধেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি আগামী ১১ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে জেলার সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন।

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।