নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কয়েকটি আসন ছেড়ে দিয়েছে দলটি।
সমঝোতার অংশ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা-১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে এর আগে বিএনপির প্রার্থী হিসেবে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর শনিবার সকালে তিনি সীতাকুণ্ডের নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল।”
চট্টগ্রাম-১০ আসনে আগে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তাঁকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। গত ৩ নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণায় চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রাখা হয়েছিল। অপরদিকে চট্টগ্রাম-১০ আসনে এখন বিএনপির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে।
যশোর জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।
যশোর-১ (শার্শা) আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। পরিবর্তিত তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে।
যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।
যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রথমে মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে এ আসনের মনোনয়ন দেওয়া হয়।
যশোর-৬ (কেশবপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পরে তাঁর পরিবর্তে দলটির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।
বিএনপির একাধিক আসনে প্রার্থী পরিবর্তন ও জোট সমঝোতাকে আসন্ন নির্বাচনে দলটির কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

