ঢাকা: মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বাস ও গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে ঢাকার পথে যাত্রা করে। এর কিছু সময় আগে, রাত ১০টার পর তারেক রহমানকে বহনকারী গাড়িবহর স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ করে। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে তারেক রহমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান।
একই দিন বিকেল ৫টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তারেক রহমান। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ১৭ বছর পর প্রিয় নেতার দেশে ফেরা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

