৮০০
ঢাকাবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. রাজনীতি
  2. সারাদেশ
  3. আমাদের সম্পর্কে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ ও মশাল মিছিল

দেশ-দর্পণ
ডিসেম্বর ২৩, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় টঙ্গীতে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে চেরাগআলী বাসস্ট্যান্ড পর্যন্ত এ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সদ্য মনোনয়নপ্রাপ্ত গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সরকারকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থেকে বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সালাহউদ্দিন সরকারকে উপেক্ষা করে একজন তুলনামূলকভাবে জুনিয়র রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে রাজনৈতিক মাঠে খুব একটা দেখা যায়নি এবং কোনো উল্লেখযোগ্য আন্দোলন-সংগ্রামেও তার সক্রিয় ভূমিকার নজির নেই।
মশাল মিছিলে বক্তারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়ে রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন না হলে দলের ভেতরে বিভ্রান্তি ও অনৈক্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে গাজীপুর-২ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল শিকদার বসু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলেক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন দেওয়ান, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হালিম, যুবদল নেতা টুটুলসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও মনোনয়ন ইস্যুতে গাজীপুর-২ আসনের বিএনপির তৃণমূল পর্যায়ে অসন্তোষ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা

দেশ-দর্পণ (Desh-Darpon) একটি স্বাধীন অনলাইন নিউজ মিডিয়া। আমরা নিজেরা নিউজ তৈরি করি এবং পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য নিউজ মিডিয়া ও তথ্যসূত্র থেকে সংগৃহীত খবর যথাযথ উৎস উল্লেখ করে প্রচার করি। এই সাইটে প্রকাশিত সব সংবাদ, তথ্য, ছবি ও ভিডিও © দেশ-দর্পণ দ্বারা রক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত এই সাইটের কনটেন্ট অংশিক বা সম্পূর্ণভাবে ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ করতে পারবে না। যদি আপনার কাছে এই সাইটের কোন নিউজ বা তথ্য নিয়ে অভিযোগ, সংশোধনী বা অন্যান্য প্রস্তাব থাকে, অনুগ্রহ করে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।