গাজীপুর প্রতিনিধি: আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সভায় রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁদের মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসব সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ, কাশিমপুর কালী মন্দির ও শ্রী শ্রী জয়কালী মন্দিরের প্রতিনিধিরা, ইস্কন গাজীপুরের নেতৃবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।