টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে টঙ্গীতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টঙ্গীর চেরাগ আলী বেপারী বাড়ি এলাকায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন-এর উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর ও টঙ্গী এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, বিএনপি নেতা শামীম বেপারী, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, যুবদল নেতা সেলিম কাজল, মাহবুব মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন এক নতুন দিশা পেয়েছে। ইতিহাসের পাতায় তাঁর নাম চিরভাস্বর হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।