ঢাকা:
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া।
তিনি বলেন, “এই দুর্ঘটনায় পুড়ে গেছে শুধু কার্গো বা পণ্য নয়; পুড়ে গেছে হাজারো মানুষের পরিশ্রম, স্বপ্ন, আর বছরের পর বছর গড়া স্বপ্নের ব্যবসা। অনেক তরুণ-তরুণী অনলাইনে ছোট ছোট উদ্যোগ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল। কেউ বিক্রি করতো কসমেটিকস, কেউ ব্যাগ, কেউ পারফিউম, কেউ ফুটবলের জার্সি। তাদের অধিকাংশ পণ্যই এই বিমানবন্দর কার্গোর মাধ্যমেই দেশে আসতো। এখন সেইসব পণ্য আগুনে ভস্মীভূত।”
রাতুল আহমেদ ভূইয়া আরও বলেন, “এই আগুনের শিখায় পুড়েছে বিশ্বাস, পুড়েছে সম্ভাবনা, পুড়েছে তরুণ প্রজন্মের উদ্যোক্তা হওয়ার সাহস। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি এক ভয়াবহ আর্থিক ও মানসিক বিপর্যয়, যার প্রভাব আমাদের অর্থনীতিতেও গভীরভাবে পড়বে।”
তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, আর্থিক খাত ও সমাজের সচেতন মানুষদের এখনই এগিয়ে আসা প্রয়োজন।”
শেষে তিনি আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন— “আল্লাহ আমাদের সকলকে এই বিপর্যয় সহ্য করার শক্তি ও সবর দান করুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনরায় ঘুরে দাঁড়ানোর তাওফিক দিন, আর আমাদের দেশকে ভবিষ্যতে এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে হেফাজত করুন।”
রাতুল আহমেদ ভূইয়া
প্রতিষ্ঠাতা সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল