গাজীপুরের পুবাইলে পুরোনো টায়ার থেকে তেল উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে।
শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত ‘গ্রিন অয়েল’ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুরের দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে নিরাপদে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।